• শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

নারী নেতৃত্ব দিলে জাতি ধ্বংস হয়—হাদিসটির বিশ্লেষণ

Reporter Name: মাহাতাব আকন্দ / ১১ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

নারী নেতৃত্ব দিলে জাতি ধ্বংস হয়—এই হাদিস কুরআনের আলোকে একটি বিশ্লেষণ

লিখকঃ মাহাতাব আকন্দ


“নারী নেতৃত্ব দিলে জাতি ধ্বংস হয়ে যায়”— এই বক্তব্যটি মুসলিম সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে, যেন এটি আল্লাহর অকাট্য বিধান। অথচ বাস্তবতা হলো—এই কথাটি কুরআনের কোনো আয়াত নয়, বরং একটি নির্দিষ্ট হাদিসের ওপর দাঁড়িয়ে আছে, যাকে প্রসঙ্গ, সময় ও কুরআনের সামগ্রিক নীতির বাইরে এনে সার্বজনীন সত্য বানানো হয়েছে। প্রশ্ন হলো—এই হাদিসটি আসলে কী বলে, এবং এটি কুরআনের ঘোষিত নীতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ?

সহিহ বুখারীতে বর্ণিত হাদিসটি হলো—
আরবি ইবারত:
عَنْ أَبِي بَكْرَةَ قَالَ: لَمَّا بَلَغَ النَّبِيَّ ﷺ أَنَّ أَهْلَ فَارِسَ قَدْ مَلَّكُوا عَلَيْهِمْ بِنْتَ كِسْرَىٰ قَالَ: «لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمُ امْرَأَةً»

আবু বকরাহ থেকে বর্ণিত—নবী ﷺ–এর কাছে যখন সংবাদ পৌঁছাল যে পারস্যবাসীরা কিসরার কন্যাকে তাদের শাসক বানিয়েছে, তখন তিনি বলেন: “যে জাতি তাদের শাসনভার একজন নারীর হাতে দেয়, তারা কখনো সফল হবে না।” (সহিহ বুখারী, হাদিস নং ৪৪২৫)

এই বক্তব্যটি প্রথমেই একটি গুরুত্বপূর্ণ সত্য সামনে আনে—এটি একটি নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনার প্রতিক্রিয়া, সার্বজনীন আইন হিসেবে ঘোষিত কোনো কুরআনিক বিধান নয়। পারস্য সাম্রাজ্য তখন ভেতর থেকে ভেঙে পড়ছিল—রাজনৈতিক ষড়যন্ত্র, হত্যা, ক্ষমতার দ্বন্দ্বে রাষ্ট্র প্রায় ধ্বংসপ্রায়। সেই প্রেক্ষাপটে বলা কথাকে সব যুগের সব নারীর নেতৃত্বের ওপর চাপিয়ে দেওয়া কুরআনিক পদ্ধতি নয়।

কারণ কুরআন নিজেই একটি রাষ্ট্রের সাফল্য বা ব্যর্থতার মানদণ্ড নির্ধারণ করেছে, এবং সেখানে লিঙ্গের কোনো ভূমিকা নেই। কুরআন স্পষ্টভাবে বলে—
সূরা আন-নিসা ৪:৫৮
إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا

“নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন—আমনত তাদের কাছে ফিরিয়ে দিতে যারা এর যোগ্য।”
এখানে যোগ্যতার মানদণ্ড নারী বা পুরুষ নয়, বরং আমানতদারিতা ও সক্ষমতা। যদি নারী হওয়াই নেতৃত্বের অযোগ্যতা হতো, তাহলে আল্লাহ এখানে তা স্পষ্ট করে দিতেন।
আরও গুরুত্বপূর্ণ হলো—কুরআন নিজেই একজন নারী শাসকের উদাহরণ তুলে ধরে কোনো নিন্দা ছাড়াই। সূরা আন-নামলে সাবা জাতির রাণীর কথা বলা হয়েছে—

إِنِّي وَجَدتُّ امْرَأَةً تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِن كُلِّ شَيْءٍ

“আমি দেখেছি—একজন নারী তাদের শাসন করছে, এবং তাকে সবকিছুই দেওয়া হয়েছে।” (সূরা আন-নামল ২৭:২৩)

এই আয়াতেই কুরআন একজন নারী শাসককে বাস্তবতা হিসেবে উপস্থাপন করেছে—কোনো ধ্বংসের সতর্কবার্তা ছাড়াই। বরং পরবর্তী আয়াতগুলোতে দেখা যায়, সেই নারী পরামর্শভিত্তিক সিদ্ধান্ত নেন, অহংকার ত্যাগ করেন এবং সত্যের সামনে আত্মসমর্পণ করেন। কুরআন কোথাও বলেনি—তার নেতৃত্বের কারণে জাতি ধ্বংস হয়েছে।
কুরআন জাতির পতনের কারণ হিসেবে যা চিহ্নিত করে, তা হলো জুলুম ও অন্যায়—

وَمَا كَانَ رَبُّكَ مُهْلِكَ الْقُرَىٰ حَتَّىٰ يَبْعَثَ فِي أُمِّهَا رَسُولًا

“তোমার রব কোনো জনপদ ধ্বংস করেন না, যতক্ষণ না তারা জুলুম করে।” (সূরা আল-কাসাস ২৮:৫৯)
এখানে কোথাও নারী নেতৃত্বের কথা নেই। ধ্বংসের কারণ নৈতিক অবক্ষয়, লিঙ্গ নয়।
এই হাদিসটিকে যদি আক্ষরিক ও চিরস্থায়ী বিধান ধরা হয়, তাহলে কুরআনের একাধিক আয়াত অকার্যকর হয়ে যায়—যেখানে ন্যায়, যোগ্যতা ও তাকওয়াকেই নেতৃত্ব ও মর্যাদার মানদণ্ড করা হয়েছে।

সবচেয়ে বড় প্রশ্ন হলো—যে কুরআন নারীকে সম্পত্তির অধিকার দেয়, বাইআতের অধিকার দেয়, সাক্ষ্য দেয়ার অধিকার দেয়, সেই কুরআন কি হঠাৎ করে বলবে—“নারী হলেই তুমি নেতৃত্বের অযোগ্য”? না। এই ধারণা কুরআনের নয়; এটি পুরুষতান্ত্রিক রাজনীতির ধর্মীয় ব্যাখ্যা।

অতএব কুরআনের আলোকে স্পষ্ট সিদ্ধান্ত দাঁড়ায়—এই হাদিসটি নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপটে বলা একটি মন্তব্য, কোনো সার্বজনীন কুরআনিক বিধান নয়। আর যে ব্যাখ্যা কুরআনের স্পষ্ট উদাহরণ ও নীতির বিরুদ্ধে যায়, তা কুরআনের মীযানে গ্রহণযোগ্য হতে পারে না।
কুরআনই শেষ মানদণ্ড। কুরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো বর্ণনা—যতই সহিহ বলা হোক—চূড়ান্ত সত্য হতে পারে না।

নারী নেতৃত্ব দিলে জাতি ধ্বংস হয়—এই হাদিস কুরআনের আলোকে একটি বিশ্লেষণ


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা

Follow our Facebook Page