তাফসীর | সূরা ৯ : আয়াত ১৮
তাফসীরঃ Friends of Quran Foundation
আয়াত
আল্লাহর মসজিদগুলো কেবল তারাই আবাদ করে, যারা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। অতএব আশা করা যায়, তারাই হবে সঠিক পথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।
(সূরা আত-তাওবা, ৯:১৮)
এই আয়াতটি কুরআনে “মসজিদ আবাদ”–এর সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছে। এখানে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন—কে প্রকৃত অর্থে মসজিদের আবাদকারী, আর কে নয়। এই সংজ্ঞা কোনো সামাজিক মর্যাদা, বংশপরিচয়, অর্থনৈতিক সক্ষমতা কিংবা বাহ্যিক ধর্মীয় পরিচয়ের উপর নির্ভর করে নয়; বরং নির্ভর করে ঈমান, দায়িত্ববোধ ও আল্লাহভীতির উপর।
এই আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—এটি “মসজিদ” ধারণাটিকে শুধু স্থাপত্য বা উপাসনালয়ের গণ্ডিতে আবদ্ধ করেনি। বরং মসজিদ আবাদ মানে কী—তা ঈমানি, নৈতিক ও কর্মগত মানদণ্ড দিয়ে নির্ধারণ করেছে। ফলে এই আয়াত আমাদের বাধ্য করে নতুন করে ভাবতে—আমরা যাকে মসজিদের খেদমত, আবাদ বা রক্ষণাবেক্ষণ বলি, তা কুরআনের সংজ্ঞার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ?
আরবি “ইমারাহ” শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে, যার অর্থ কেবল নির্মাণ বা মেরামত নয়। ইমারাহ মানে হলো- জীবন্ত রাখা, কার্যকর করা, উদ্দেশ্য পূরণে সচল রাখা।
কুরআনের ভাষায় মসজিদ আবাদ মানে— আল্লাহর সার্বভৌমত্ব সেখানে প্রতিষ্ঠিত থাকা, আল্লাহর নাম স্মরণ সেখানে জীবন্ত থাকা, মানুষকে আল্লাহর পথে পরিচালিত করার কেন্দ্র হিসেবে কাজ করা।
শুধু ইট-পাথর দিয়ে ভবন দাঁড় করালেই তা আবাদ হয় না। বরং যেখানে আল্লাহর নির্দেশ উপেক্ষিত, যেখানে কুরআনের শিক্ষা অনুপস্থিত, যেখানে জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে কোনো অবস্থান নেই—সেই মসজিদ বাহ্যিকভাবে দাঁড়িয়ে থাকলেও কুরআনের দৃষ্টিতে তা আবাদ নয়।
এই কারণেই সূরা আল-বাকারা (২:১১৪) আয়াতে আল্লাহ বলেছেন—যারা আল্লাহর মসজিদে তাঁর নাম স্মরণে বাধা দেয় এবং ধ্বংসে তৎপর হয়, তারাই সবচেয়ে বড় যালিম। এখানে ধ্বংস মানে কেবল ভাঙচুর নয়; বরং উদ্দেশ্যহীন করে ফেলা।
এই আয়াতে আল্লাহ চারটি গুণ উল্লেখ করেছেন, যেগুলো ছাড়া কেউ প্রকৃত মসজিদ আবাদকারী হতে পারে না। এগুলো আলাদা আলাদা শর্ত নয়; বরং একটি পূর্ণাঙ্গ ঈমানি চরিত্রের উপাদান।
প্রথমত, আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান।
এখানে লক্ষ্যণীয়—আল্লাহ শুধু ঈমান বলেই থামেননি; আখিরাতের কথাও যুক্ত করেছেন। কারণ আখিরাতে বিশ্বাস ছাড়া আল্লাহর বিধানের প্রতি দায়বদ্ধতা পূর্ণতা পায় না। যে ব্যক্তি আখিরাতকে সামনে রাখে না, সে মসজিদকেও দুনিয়াবি স্বার্থের হাতিয়ার বানাতে পারে। ইতিহাসে এমন উদাহরণ বহু।
দ্বিতীয়ত, সালাত কায়েম করা।
এখানে “সালাত আদায় করা” বলা হয়নি; বলা হয়েছে “কায়েম করা”। কুরআনের পরিভাষায় সালাত কায়েম মানে হলো—আল্লাহর সাথে সম্পর্ককে জীবনের ভিত্তি বানানো, নৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী দাঁড়িয়ে থাকা। সালাত যদি ব্যক্তিকে অন্যায় থেকে বিরত না রাখে, তবে তা কায়েম হয়নি—এ কথা কুরআন নিজেই বলে (২৯:৪৫)।
তৃতীয়ত, যাকাত প্রদান।
যাকাত শুধু অর্থদান নয়; এটি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি ব্যবস্থা। যে ব্যক্তি মসজিদ আবাদ করবে কিন্তু সমাজের দুর্বলদের অধিকার অস্বীকার করবে—সে কুরআনের মানদণ্ডে উত্তীর্ণ নয়। কারণ কুরআনের ইসলাম কখনো ব্যক্তিগত ইবাদত আর সামাজিক দায়িত্বকে আলাদা করে না।
চতুর্থত, আল্লাহ ছাড়া কাউকে ভয় না করা।
এটি আয়াতটির সবচেয়ে গভীর ও চ্যালেঞ্জিং অংশ। কারণ এখানে মসজিদ আবাদকারীর চরিত্রগত সাহসের কথা বলা হয়েছে। যে ব্যক্তি ক্ষমতাবান মানুষ, সামাজিক চাপ, রাষ্ট্রীয় ভয় বা গোষ্ঠীগত হুমকিকে আল্লাহর উপর প্রাধান্য দেয়—সে মসজিদকে আল্লাহর কেন্দ্র বানাতে পারবে না। এমন ব্যক্তি আপস করবে, সত্য গোপন করবে, এবং মসজিদকে নিরপেক্ষ বা নির্বিষ করে ফেলবে।
সূরা আত-তাওবা এমন এক প্রেক্ষাপটে নাজিল হয়েছে, যেখানে মক্কার মুশরিকরা কাবা ও মসজিদুল হারামের খাদেম হিসেবে নিজেদের বিশেষ মর্যাদা দাবি করত। তারা বলত—আমরাই তো এই ঘরের রক্ষণাবেক্ষণ করি, হাজীদের পানি পান করাই, তাই আমাদের অবস্থান আলাদা।
কুরআন এই আয়াতে সেই ধারণাকে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে। আল্লাহ জানিয়ে দিলেন—মসজিদ আবাদ কোনো বংশগত অধিকার নয়, কোনো ঐতিহ্যগত পদ নয়, কোনো আনুষ্ঠানিক দায়িত্ব নয়। এটি ঈমান ও আমলের বিষয়।
এই আয়াত মূলত ঘোষণা করে দেয়—মসজিদের কর্তৃত্ব আল্লাহর হাতে, আর আল্লাহ সেই কর্তৃত্ব দেন কেবল তাকওয়াবানদের।
আয়াতের শেষাংশে আল্লাহ বলেন—“আসা করা যায়, তারাই সঠিক পথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।” এখানে আল্লাহ নিশ্চিতভাবে “তারাই পথপ্রাপ্ত” বলেননি; বরং আশা শব্দটি ব্যবহার করেছেন।
এর মাধ্যমে একটি গভীর শিক্ষা দেওয়া হয়েছে। মসজিদের খেদমত, সালাত, যাকাত—এসব করেও কেউ আত্মতুষ্টিতে ভুগতে পারবে না। পথপ্রাপ্তির নিশ্চয়তা নয়, বরং আল্লাহর রহমতের প্রত্যাশা নিয়েই তাকে চলতে হবে। এই বিনয় ও আত্মসমালোচনাই একজন মুমিনের পরিচয়।
এই আয়াতের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কুরআনিক আয়াত হলো—
৭২:১৮ — “নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহর জন্য”
২২:৪০ — উপাসনালয় ধ্বংসের বিরুদ্ধে আল্লাহর অবস্থান
২:১১৪ — মসজিদে আল্লাহর নাম স্মরণে বাধা দেওয়া সবচেয়ে বড় যুলুম
২৪:৩৬–৩৭ — যেসব ঘরে আল্লাহর নাম উচ্চারিত হয় এবং মানুষ ব্যবসা-বাণিজ্যেও আল্লাহকে ভুলে না
এই আয়াতগুলো একত্রে একটি সুস্পষ্ট কুরআনিক ধারণা তৈরি করে—মসজিদ মানে আল্লাহকেন্দ্রিক জীবনব্যবস্থার কেন্দ্র।
আজকের বাস্তবতায় এই আয়াত আমাদের সামনে কঠিন প্রশ্ন তোলে। আমরা কি মসজিদকে আল্লাহর নির্দেশ প্রতিষ্ঠার কেন্দ্র বানিয়েছি, নাকি কেবল রিসুয়াল ও আনুষ্ঠানিকতার জায়গায় সীমাবদ্ধ রেখেছি? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে ভয় না করার সাহস নিয়ে সত্য বলি, নাকি সামাজিক ও রাজনৈতিক স্বার্থে নীরব থাকি?
এই আয়াত শেখায়—মসজিদ আবাদ মানে শুধু সেখানে যাওয়া নয়, বরং মসজিদকে জীবনের দিকনির্দেশনার উৎস বানানো। যে সমাজ এই আয়াতের মর্ম বোঝে, সে সমাজে মসজিদ কখনো নিষ্প্রাণ ভবন হয় না; বরং তা হয়ে ওঠে ঈমান, ন্যায় ও সত্যের জীবন্ত কেন্দ্র।
এটাই সূরা আত-তাওবার ১৮ নং আয়াতের কুরআনিষ্ঠ বার্তা।
