মৃতদেরকে তালকীন ও সূরা ইয়াসিন পাঠ—এই হাদিসগুলো কি কুরআনের মানদণ্ডে টিকে?
লিখকঃ মাহাতাব আকন্দ
ইসলামের আকিদা, আমল ও আখিরাত-সংক্রান্ত সমস্ত মৌলিক নীতি কুরআনে সুস্পষ্টভাবে নির্ধারিত। রাসূল ﷺ কুরআনের ব্যাখ্যাকারী—কুরআনের বিপরীতে নতুন আকিদা প্রতিষ্ঠাকারী নন। তাই প্রশ্নটি আবেগের নয়, মানদণ্ডের—আল্লাহ যদি বলেন, মৃত্যুতে মানুষের পরীক্ষা শেষ, আমল বন্ধ—তাহলে মৃত ব্যক্তিকে শিক্ষা দেওয়া, কুরআন শোনানো বা তার গুনাহ মাফের মাধ্যম বানানো কি কুরআনসম্মত?
এই প্রশ্নের মুখোমুখি আমাদের দাঁড় করায় মেশকাতে বর্ণিত কয়েকটি পরিচিত হাদিস।
১) «لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ»
“তোমাদের মৃত ব্যক্তিদেরকে ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ শিক্ষা দাও।”
📚 মিশকাতুল মাসাবিহ হাদিস নং: ১৫২৮ (৪/১৫২৮)
২) «اقْرَؤُوا عَلَىٰ مَوْتَاكُمْ يس»
“তোমাদের মৃত ব্যক্তিদের নিকট সূরা ইয়াসিন পড়।”
📚 আহমদ, আবূ দাঊদ, ইবনু মাজাহ; মিশকাত হাদিস নং: ১৫৩৪ (৪/১৫৩৪)
৩) “যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সূরা ইয়াসিন পড়বে, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করা হবে; সুতরাং তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের নিকট তা পড়বে।”
📚 বায়হাকী, শু‘আবুল ঈমান
এই হাদিসগুলো আক্ষরিকভাবে নিলে কয়েকটি বড় আকিদাগত সিদ্ধান্ত দাঁড়ায়—মৃত ব্যক্তি শুনতে পারে, শেখে, কুরআন পাঠের দ্বারা তার গুনাহ মাফ হয় এবং জীবিতের আমল মৃতের ভাগ্য পরিবর্তন করে। এখন দেখা যাক, কুরআন কী বলে।
কুরআন অত্যন্ত সুস্পষ্টভাবে বলে—মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের পরীক্ষা ও আমল শেষ।
সূরা আল-মু’মিনূন ২৩:৯৯–১০০
حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا
“তাদের কারো মৃত্যু এলে সে বলে—হে আমার রব, আমাকে ফিরিয়ে দাও, যাতে আমি সৎকর্ম করতে পারি। না, কখনোই না।”
যদি মৃত্যুর পর তালকীন, ইয়াসিন বা অন্যের পাঠে কিছু হতো, তাহলে ফেরত চাওয়ার এই আর্তি অর্থহীন হয়ে যেত।
কুরআন মৃতদের শ্রবণক্ষমতা সম্পর্কে পরিষ্কার ভাষায় কথা বলে।
সূরা ফাতির ৩৫:২২
وَمَا أَنْتَ بِمُسْمِعٍ مَنْ فِي الْقُبُورِ
“তুমি কবরবাসীদের শুনাতে সক্ষম নও।”
সূরা আন-নামল ২৭:৮০
“তুমি মৃতদের শোনাতে পার না।”
যেখানে কুরআন নিজেই মৃতদের ‘শোনাতে অক্ষম’ ঘোষণা করছে, সেখানে মৃত ব্যক্তিকে তালকীন দেওয়ার ধারণা কুরআনের সরাসরি বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।
কুরআন কোথাও বলেনি যে মৃত্যুর পর ঈমান শেখানো হবে বা কবরে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ গ্রহণযোগ্য হবে। বরং ঈমানের শর্ত নির্ধারিত হয়েছে জীবিত অবস্থায়।
সূরা আন-নিসা ৪:১৮
“যারা মৃত্যুর সময় এসে গেলে বলে—এখন আমি তওবা করছি—তাদের তওবা গ্রহণ করা হয় না।”
মৃত ব্যক্তিকে তালকীন দেওয়া মানে কার্যত মৃত্যুর পর ঈমান আরোপের সুযোগ তৈরি করা—যা কুরআন নাকচ করে।
সূরা ইয়াসিন পাঠে মৃতের গুনাহ মাফ হওয়ার ধারণা কুরআনের একটি মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক।
সূরা আল-আন‘আম ৬:১৬৪
وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ
“কেউ কারো বোঝা বহন করবে না।”
সূরা আন-নাজম ৫৩:৩৯
وَأَنْ لَيْسَ لِلْإِنْسَانِ إِلَّا مَا سَعَىٰ
“মানুষ তাই পাবে, যার জন্য সে নিজে চেষ্টা করেছে।”
অন্যের পাঠে মৃতের গুনাহ মাফ হলে এই আয়াতগুলো কার্যত বাতিল হয়ে যায়।
কুরআনে সূরা ইয়াসিনকে বলা হয়েছে—
সূরা ইয়াসিন ৩৬:৭০
لِيُنْذِرَ مَنْ كَانَ حَيًّا
“যাতে সে সতর্ক করে জীবিতদের।”
ইয়াসিন জীবিতদের জন্য সতর্কবার্তা—মৃতদের জন্য কোনো নির্দেশ কুরআনে নেই।
কুরআন রাসূলের সীমা নির্ধারণ করে দিয়েছে—
সূরা ইউনুস ১০:১৫
“আমার পক্ষে নিজ ইচ্ছায় এটি পরিবর্তন করা সম্ভব নয়।”
যদি কুরআন বলে মৃত্যুতে আমল শেষ, মৃত শোনে না, অন্যের আমলে গুনাহ মাফ হয় না—তাহলে এই হাদিসগুলো কুরআনের মীযানে আকিদা হিসেবে টিকতে পারে না।
এই হাদিসগুলো আকিদা বানালে—জীবিত অবস্থায় তওবা ও আমলের গুরুত্ব কমে যায়, মৃত্যুর পর ‘ম্যানেজমেন্ট’ ধর্ম তৈরি হয়, কবরকেন্দ্রিক আচার ও ব্যবসা জন্ম নেয় এবং কুরআনের নৈতিক দায়বদ্ধতা দুর্বল হয়ে পড়ে।
মৃতদের তালকীন ও সূরা ইয়াসিন পাঠ সংক্রান্ত এই হাদিসগুলো—কুরআনের ঘোষণা অনুযায়ী মৃতের অশ্রবণক্ষমতা, মৃত্যুর পর আমল বন্ধ হওয়া এবং ব্যক্তিগত দায়বদ্ধতার নীতির সঙ্গে সংঘর্ষে যায়। কুরআনের মানদণ্ডে মৃত ব্যক্তি শিক্ষা গ্রহণ করে না, অন্যের আমলে তার গুনাহ মাফ হয় না এবং ইয়াসিন জীবিতদের জন্য হিদায়াত, মৃতদের জন্য নয়।
কুরআনই মীযান। যে বর্ণনা সেই মীযানে টেকে না—তা দিয়ে আকিদা, ইবাদত ও আখিরাতের বিধান নির্মাণ করা যায় না।
✦✦✦
