• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

কুরআনের আলোকে দৈনন্দিন ফজিলতপূর্ণ আমল

Reporter Name: মাহাতাব আকন্দ / ২১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

কুরআনের আলোকে দৈনন্দিন ফজিলতপূর্ণ আমল

লিখকঃ মাহাতাব আকন্দ

(কেবল কুরআন | কেবল দলিল | কেবল আল্লাহর ভাষা)


১) কুরআন তিলাওয়াত: হিদায়াতের দৈনিক সংযোগ

কুরআনের নির্দেশ

وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا

উচ্চারণ: ওয়া রত্তিলিল কুরআনা তারতীলা

অর্থ: তুমি কুরআন ধীরে-স্থিরভাবে, স্পষ্টভাবে পাঠ করো।— সূরা আল-মুয্যাম্মিল | ৭৩:৪

👉 এই আয়াত কেবল পাঠের আদেশ নয়; এটি কুরআনের সাথে সচেতন ও দায়িত্বশীল সম্পর্ক গড়ার নির্দেশ। তিলাওয়াত মানে শুধু উচ্চারণ নয়—তিলাওয়াত মানে সামনে চলা, অনুসরণ করা, জীবনে বহন করা।

পূর্ণ কুরআনিক দুআ

رَبِّ زِدْنِي عِلْمًا


উচ্চারণ: রব্বি যিদনী ‘ইলমা

অর্থ: হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন।  সূরা ত্বা-হা | ২০:১১৪

👉 এটি কুরআনের সবচেয়ে সংক্ষিপ্ত অথচ গভীর দুআগুলোর একটি। কুরআন নিজেই নবীকে এই দুআ শেখাচ্ছে—কারণ কুরআনের সাথে সম্পর্ক যত গভীর হবে, হিদায়াত তত স্পষ্ট হবে।


───────────────

২) যিকির: অন্তরের ভারমুক্তি

কুরআনের ঘোষণা

أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

উচ্চারণ: আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলূব

অর্থ: জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়।  সূরা রা‘দ | ১৩:২৮

👉 কুরআন এখানে কোনো বিকল্প রাখেনি। মেডিটেশন, সংগীত, নেশা—কিছুই নয়। শুধু আল্লাহর যিকিরই অন্তরের ওষুধ।

পূর্ণ কুরআনিক দুআ

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

উচ্চারণ: রব্বানা লা তুযিগ কুলূবানা বা‘দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিল্লাদুনকা রহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব

অর্থ: হে আমাদের রব, হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তর বক্র করে দেবেন না। আপনার পক্ষ থেকে আমাদের দান করুন রহমত। নিশ্চয়ই আপনি মহান দাতা।  সূরা আলে ইমরান | ৩:৮

👉 এটি যিকিরের সবচেয়ে ভারী দুআ—কারণ অন্তরের বক্রতাই সব বিপথের শুরু


───────────────

৩) সালাহ কায়েম রাখা: আল্লাহকে মেনে নেওয়ার চর্চা

কুরআনের আদেশ

أَقِيمُوا الصَّلَاةَ

উচ্চারণ: আকীমুস্ সালাহ

অর্থ: সালাহ কায়েম করো। (বহু আয়াতে পুনরাবৃত্ত আদেশ)

👉 কুরআন কখনো বলেনি “পড়ো”; বলেছে কায়েম করো। সালাহ মানে দাঁড় করানো, প্রতিষ্ঠা করা, জীবনে কার্যকর করা।

পূর্ণ কুরআনিক দুআ

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

উচ্চারণ: রব্বিজ্‘আলনী মুকীমাস্ সালাহ ওয়া মিন যুররিয়্যাতী রব্বানা ওয়া তাকাব্বাল দু‘আ-

অর্থ: হে আমার রব, আমাকে সালাহ কায়েমকারী বানান
এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমাদের রব, আমার দুআ কবুল করুন।  সূরা ইবরাহিম | ১৪:৪০

👉 এই দুআ দেখায়—সালাহ ব্যক্তিগত নয়, উত্তরাধিকারমূলক দায়িত্ব


───────────────

৪) তাওবা: প্রতিদিন আল্লাহর দিকে ফেরা

কুরআনের ডাক

وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ

উচ্চারণ: ওয়া তূবূ ইলাল্লাহি জামী‘আ আইয়ুহাল মু’মিনূন

অর্থ: হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে এসো। — সূরা নূর | ২৪:৩১

👉 তাওবা কোনো বিশেষ মুহূর্ত নয়—এটি দৈনিক আমল

পূর্ণ কুরআনিক দুআ

رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

উচ্চারণ: রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকূনান্না মিনাল খাসিরীন

অর্থ: হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। — সূরা আ‘রাফ | ৭:২৩

👉 এটি মানবজাতির প্রথম তাওবা—আজও সবচেয়ে পূর্ণ।


───────────────

৫) সত্যবাদিতা: নীরব কিন্তু ভারী আমল

কুরআনের নির্দেশ

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا


উচ্চারণ: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়া কূলূ কাওলান সাদীদা

অর্থ: হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সোজা-সত্য কথা বলো। — সূরা আহযাব | ৩৩:৭০

পূর্ণ কুরআনিক দুআ

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي يَفْقَهُوا قَوْلِي

উচ্চারণ: রব্বিশ রহলী সদরী ওয়া ইয়াস্সিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিল লিসানি ইয়াফকহু কওলী।

অর্থ: হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করুন,
আমার কাজ সহজ করুন, আমার জিহ্বার জড়তা খুলে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। সূরা ত্বা-হা  ২০:২৫–২৮

👉 সত্য বলার শক্তি আল্লাহর কাছ থেকেই আসে


───────────────

৬) ধৈর্য: সময়ের পরীক্ষায় টিকে থাকা

কুরআনের ঘোষণা

إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

উচ্চারণ: ইন্নাল্লাহা মা‘আস্ সাবিরীন

অর্থ: নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।  সূরা বাকারা | ২:১৫৩

পূর্ণ কুরআনিক দুআ

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

উচ্চারণ: রব্বানা আফরিগ ‘আলাইনা সাবরা ওয়া তাওয়াফ্ফানা মুসলিমীন

অর্থ: হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন
এবং আমাদের মৃত্যু দিন মুসলিম হিসেবে। সূরা আ‘রাফ ৭:১২৬

👉 ধৈর্য শুধু সহ্য নয়—এটি আল্লাহর সাথে থাকার শর্ত


───────────────

৭) দুআ: আল্লাহর সাথে সরাসরি সংলাপ

কুরআনের প্রতিশ্রুতি

ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ

উচ্চারণ: উদ‘ঊনী আসতাজিব লাকুম

অর্থ: আমাকে ডাকো, আমি তোমাদের সাড়া দেব। সূরা গাফির ৪০:৬০

পূর্ণ কুরআনিক দুআ

رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ

উচ্চারণ: রব্বি লা তাযারনী ফারদান ওয়া আনতা খাইরুল ওয়ারিসীন

অর্থ: হে আমার রব, আমাকে একা ছেড়ে দেবেন না,
আপনি তো উত্তম উত্তরাধিকারী। সূরা আম্বিয়া ২১:৮৯

👉 এটি অসহায় মুহূর্তের সবচেয়ে ভারী আশ্রয়


───────────────

৮) কৃতজ্ঞতা: নিয়ামত ধরে রাখার চাবি

কুরআনের নীতি

لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ

উচ্চারণ: লা’ইন শাকারতুম লা’আজীদন্নাকুম

অর্থ: তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই বাড়িয়ে দেব। (সূরা ইবরাহিম ১৪:৭)

পূর্ণ কুরআনিক দুআ

رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ

উচ্চারণ: রব্বি আওযি‘নী আন আশকুরা নি‘মাতাকাল্লাতী আন‘আমতা ‘আলাইয়া ওয়া ‘আলা ওয়ালিদাইয়া, ওয়া আন আ‘মালা সালিহান তারদ্বাহু, ওয়া আদখিলনী বিরাহমাতিকা ফী ‘ইবাদিকাস সালিহীন।

অনুবাদ: “হে আমার প্রতিপালক! তুমি আমাকে তাওফিক দাও যেন আমি তোমার সেই নিয়ামতের শোকর আদায় করি, যা তুমি আমাকে ও আমার পিতা-মাতাকে দান করেছ, এবং যেন আমি এমন সৎকাজ করি যা তুমি পছন্দ করো। আর তোমার রহমতে আমাকে তোমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করো।”

👉 কৃতজ্ঞ হৃদয় নিয়ামতের দুয়ার খুলে দেয়, আর অকৃতজ্ঞ মন সেই দুয়ার বন্ধ করে দেয় নিঃশব্দে। ফলে নিয়ামত চলে যায় অভিযোগ ছাড়াই, কিন্তু রেখে যায় শূন্যতা।


───────────────

৯) গুনাহ থেকে দূরে থাকা: আত্মরক্ষা

কুরআনের সতর্কতা

وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ

উচ্চারণ: ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশ

অর্থ: অশ্লীলতার কাছেও যেও না। সূরা আন‘আম ৬:১৫১

পূর্ণ কুরআনিক দুআ

رَبِّ السِّجْنُ أَحَبُّ إِلَيَّ مِمَّا يَدْعُونَنِي إِلَيْهِ ۖ وَإِلَّا تَصْرِفْ عَنِّي كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُن مِّنَ الْجَاهِلِينَ

উচ্চারণ: রব্বিস্‌সিজনু আহাব্বু ইলাইয়্যা মিম্মা ইয়াদ‘উনানী ইলাইহি, ওয়া ইল্লা তাসরিফ্‌ ‘আন্নী কাইদাহুন্না আস্‌বু ইলাইহিন্না ওয়া আকুন মিনাল জাহিলীন।

অনুবাদ:  “হে আমার প্রতিপালক! তারা যে কাজে আমাকে আহ্বান করছে তার চেয়ে কারাগারই আমার কাছে অধিক প্রিয়। আর তুমি যদি তাদের ষড়যন্ত্র আমার থেকে দূর না করো, তবে আমি তাদের প্রতি ঝুঁকে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব।” সূরা ইউসুফ | ১২:৩৩

👉 এ দুআ আমাদের শেখায়— গুনাহ থেকে বাঁচতে সব সময় সহজ রাস্তা নিরাপদ হয় না। অনেক সময় যেটা কষ্টকর, যেটা আত্মার বিরুদ্ধে যায়, যেটা সাময়িক ত্যাগ দাবি করে—সেটাই আসলে সবচেয়ে নিরাপদ পথ। কারণ সহজ পথ অনেক সময় নফসের দরজা খুলে দেয়, আর কঠিন পথ আল্লাহর সাহায্য টেনে আনে। এই দুআ আমাদের মানসিকতা বদলাতে শেখায়—আরাম নয়, নিরাপত্তাই হোক অগ্রাধিকার; স্বাচ্ছন্দ্য নয়, বরং তাকওয়াই হোক লক্ষ্য।


───────────────

১০) তাদাব্বুর: কুরআন নিয়ে চিন্তা

কুরআনের প্রশ্ন

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ

উচ্চারণ: আফালা ইয়াতাদাব্বারূনাল কুরআন

অর্থ: তারা কি কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না?  সূরা মুহাম্মদ ৪৭:২৪

👉 কুরআন পড়া শেষ নয় – ভাবা শুরু না হলে হিদায়াত পুর্ণ হয়না। কারণ কুরআন কেবল উচ্চারণের জন্য নাজিল হয়নি, নাজিল হয়েছে চেতনাকে জাগাতে, অন্তরকে প্রশ্নের মুখে দাঁড় করাতে, আর জীবনের পথে দিশা দিতে।

যে কুরআন পড়ে কিন্তু ভাবে না, সে শব্দ ছুঁয়েছে—অর্থ নয়। যে ভাবে কিন্তু নিজের জীবনে নামায় না, সে সত্য দেখেছে—কিন্তু হাঁটেনি।

হিদায়াত তখনই পূর্ণ হয়, যখন তিলাওয়াত চিন্তায় রূপ নেয়, চিন্তা সিদ্ধান্তে রূপ নেয়, আর সিদ্ধান্ত আমলে রূপ নেয়।

কুরআন পড়া শুরু, ভাবা তার প্রাণ, আর আমল—তার চূড়ান্ত সাক্ষ্য।


সমাপ্তি কথা

এগুলো কোনো তরিকার ওজিফা নয়, কোনো মাযহাবি রুটিন নয়, কোনো লোককথার ফজিলতও নয়।

এগুলো কুরআনের নিজস্ব জীবনব্যবস্থা— যেখানে আমল, দুআ ও পথনির্দেশ, সবই এসেছে একই উৎস থেকে: আল্লাহর ভাষা


Print this entry


আপনার মতামত লিখুন :
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
More News Of This Category

ফেসবুকে আমরা

Follow our Facebook Page

0
Would love your thoughts, please comment.x
()
x